সচেতনতা বৃদ্ধিতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ 

অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে মেলায় লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়। মেলায় আগত দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন স্টলে কর্মরতরা লিফলেট গ্রহণ করেন।

এক পর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান লিফলেট গ্রহণ করেন এবং আনন্দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে সচেতনতার বিকল্প নেই। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশে মেলায় লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। লিফলেটগুলো সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির পাশের স্টলগুলোতে এবং দর্শনার্থীদের হাতে বিতরণ করা হয়।

মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম কার্যক্রম পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের বিভিন্ন সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। যেমন- গণসংযোগ, মহড়া, প্রশিক্ষণ এবং স্ট্যাটিক র‌্যালি।

মেলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। এ সময় একজন দর্শনার্থী হটলাইনে ফোন দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মেলায় ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট পাওয়া যায়। মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং সুলভ মূল্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই বিক্রি করা হচ্ছে। 

এছাড়াও প্রতি শুক্রবার শিশুদের জন্য বিনামূল্যে আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় এবং ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহারও শেখানো হচ্ছে। এ কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চলবে।