শ্যামপুরে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শ্যামপুর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কবাতির ব্যবস্থাকে শতভাগ কার্যকর করতে চাই। একই সঙ্গে সিটি কর্পোরেশনের কর আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে নাগরিকদের সম্পৃক্ত করে একটি সমন্বিত বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে ট্যাক্স নির্ধারণ ও আদায় কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।”

তিনি আরও বলেন, “নগর উন্নয়নমূলক সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং নিশ্চিত করতে হবে কাজের গুণগত মান। কোনও কাজ অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।”

এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শ্যামপুর এলাকায় একটি ব্যায়ামাগার ও পাঠাগার নির্মাণের বিষয়েও তিনি আশ্বাস দেন।

শ্যামপুর এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন। অভিযানের সময় ড্রেন ও ফুটপাত থেকে বর্জ্য অপসারণ করা হয় এবং মশা নিয়ন্ত্রণে বিশেষ ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে বের করা হয় র‍্যালি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।