জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৩৫ হাজার মুসল্লি: ডিএসসিসি

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।