তুরাগে মেট্রোর নিচে ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে নারীর মৃত্যু

রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে প‌ড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীরা মুক্তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। প‌রে তা‌কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মর্মা‌ন্তিক এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার প‌র মুক্তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় বাংলাদেশ মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখান থেকে আহসানউল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, তারা সকালে স্বামী-স্ত্রী দুজন মার্কেটে দার্জির দোকানে গিয়েছিলেন। সেখান থেকে কাপড়চোপড় নিয়ে তারা বাসায় আসেন। পরে স্ত্রী মুক্তা আক্তার কিছু কেনাকাটার জন্য উত্তরা হাউজবিল্ডিং মার্কেটের উদ্দেশে বের হয়। আধাঘণ্টা পর সংবাদ পাই সে আহত হয়েছে, তাকে বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হচ্ছে। পরে আমি হাসপাতালে গিয়ে উদ্ধারকারী অটোরিকশার চালকের কাছ থেকে জানতে পারি, মুক্তা তার ব্যাটারিচালিত অটোরিকশায় হাউজবিল্ডিংয়ে যাচ্ছিলেন।  অটোরিকশাটি মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনে মাঝামাঝি এলাকায় পৌঁছা‌লে একটি প্রাইভেটকারে ক‌রে ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। সে সময়ে মুক্তা চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, বরগুনায় তার বাবার বাড়িতে ঈদ করার কথা ছিল। এ জন্য সে খুবই খুশি ছিল। ঈদের পর দিন সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যাওয়ার পথে এই ঘটনার শিকার হয়। ছিনতাইকারীরা তাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুক্তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তুরাগ থানারওসি র‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘটনার তদন্তসহ জ‌ড়িত‌দের গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী মুক্তা আক্তার। বর্তমানে তারা উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।