বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেন এক যুবক। এ সময় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক যুবকের নাম ইরফান জাহান নূর (৩৫)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতির অনুমোদনের কথা উল্লেখ করা একটি প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তি পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করেন। প্রজ্ঞাপনে দাবি করা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ অনুযায়ী তাকে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে। যাচাইয়ে প্রজ্ঞাপনের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করে।