যশোরে বিশেষ অভিযান চালিয়ে হিরা ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহলদল। জব্দ হিরা ও মুদ্রার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তি জানান, তিনি ভারতের তামিলনাড়ু এলাকার অধিবাসী আবু বক্করের ছেলে। ঢাকায় চোরাকারবারীদের কাছ থেকে হিরাগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি আরও জানান, তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
এছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি নগদ পাঁচ হাজার ৫৩০ টাকা, ভারতীয় পাঁচ হাজার ৮৮০ রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়।
আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর এবং জব্দ হিরা ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিজিবি মহাপরিচালকের চোরাচালানের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, হিরাসহ সব ধরনের চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।