‘নব্য জেএমবি’ সন্দেহে হেফাজতে কিশোর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে (১৬) হেফাজতে নিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 

সিটিটিসি সূত্রের বরাত দিয়ে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর এলাকায় গোপন তথ্যে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

সিটিটিসি সূত্র আরও জানায়, হেফাজতে নেওয়া কিশোর অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করতো। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করতো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিতো বলে জানা গেছে।

আইন অনুযায়ী হেফাজতে নেওয়া কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।