জুলাই হত্যা মামলা

ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এসময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

মামলার অন্য আসামিরা হলেন— সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, আজিজুর রহমান, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে ও তৌহিদুল ইসলাম। আসামিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত।

এ মামলায় আগামী ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এর আগেই চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।