কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের আসামি ইমান উল্লাহ কারাগারে

কেরানীগঞ্জের ‘এসার গ্যাস প্র’ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামি ইমান উল্লাহ প্রকাশ মাস্তানকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন, আসামি ইমান উল্লাহকে আদালতে হাজির করা হয়। পরে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু, মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম আদালতে উপস্থিত না থাকায় রিমান্ড শুনানির জন্য আগামীকালের (সোমবার) দিন নির্ধারণ করেন আদালত। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, আজ দুপুরে ইমান উল্লাহকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. জুয়েল রানা ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন—কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।