বাউলশিল্পী আবুল সরকারের হাইকোর্টে জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াসহ ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন দেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।

পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।