ভবন থেকে লাফিয়ে পড়ে অনলাইনে জুয়ায় আসক্ত শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কলাবাগানে অনলাইনে জুয়া খেলার জন্য মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা সংবাদ পেয়ে রবিবার দিবাগত রাতে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামে বহুতল ভবনের পাশের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, “অনলাইনে জুয়ায় আসক্ত এই যুবক মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে, ইস্টার্ন পান্থ ছায়া নামক  ১৩ তলা ভবনের ১৩ তলায় নিজ ফ্লাট থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।”  

মৃতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, “ছেলেটি গত চার বছর যাবৎ প্রতিদিন মায়ের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার নিয়ে অনলাইনে জুয়া খেলতো।” 

পুলিশ ও পরিবার সূত্রে আরও জানা যায়, গত শনিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে রাগারাগি করেন তিনি। পরদিন রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মাকে ঘরে আটকে জোরপূর্বক টাকা দাবি করেন— না দেয়ায়, তাকে মারতে যান। তার মা আয়েশা হক বাঁচার জন্য বিল্ডিংয়ের সমিতির লোকজনের সহায্য চায়। তারা এসে সেখান থেকে তার মাকে রক্ষা করেন। এই ফাঁকে ছেলে ১৩ তলার ঘরের খোলা জানালার গ্রিল খুলে লাফিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদের ওপরে পরে। ঘটনাস্থলে তিনি মারা যান।   

আরও জানা যায়, নিহত মো. ফয়সাল মাহমুদ রুপগঞ্জে একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মা তাকে রুপগঞ্জে একটি কারিগরি কলেজের ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানে তেমন যেতেন না। সাড়া দিন-রাত অনলাইনে জুয়া খেলতেন। 

মো. ফয়সাল মাহমুদ চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত ডাক্তার একেএম, মাহমুদুল হকের ছেলে। কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামক বহুতল ভবনের ১৩ তলার ফ্লাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন।