রাজধানীর মহাখালীর আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার 

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত বারোটার দিকে মহাখালী আমতলী ‘হোটেল জাহাদ’ এর পঞ্চম তলার ২০ নম্বর রুম থেকে আশরাফুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীকালে ময়নাতদন্তের জন্য সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।  

মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান উল্লেখ করেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, রবিবার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের লাশ পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।