বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন, করলেন রিট

বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কারাগারে থেকেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান তিনি। এর জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই আইনজীবী।

বুধবার (১৫ এপ্রিল) ব্যারিস্টার সুমনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ এ রিট করেন। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিটে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করে, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। তফসিল অনুসারে, নির্বাচন হবে আগামী ১৯ মে। প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় আটক থাকায় তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এ পরিস্থিতিতে তার স্বাক্ষর নিশ্চিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তবে, সেই আবেদনের প্রেক্ষিতে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার কারণে প্রার্থী কার্যত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার লঙ্ঘনের শামিল।

রিট আবেদনে হাইকোর্টের কাছে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণে নির্দেশনা এবং নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করার প্রার্থনা করা হয়েছে।