জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের কথোপকথনের সময় মাঝখান দিয়ে চলাচলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন সংসদের ভেতরে এ পরিস্থিতি তৈরি হলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এদিন অধিবেশনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, আপনার (চিফ হুইপ) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য সংসদের ভেতরে মোবাইলে কথা বলছেন। শব্দটি এখানে পর্যন্ত আসছে। এতে বক্তব্য প্রদান ও শ্রবণে বিঘ্ন ঘটছে। বিষয়টি দেখার অনুরোধ করছি।
পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে সদস্যদের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা না বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাউসের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, স্পিকারের সঙ্গে কোনও সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে কেউ যেন চলাচল না করেন। এটি নিয়মবিরোধী। প্রয়োজনে পেছন দিয়ে চলাচল করতে হবে। পাশাপাশি সংসদে ছবি তোলা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
এর আগে গত ১০ এপ্রিল কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রুলস অব প্রসিডিউর না মানায় ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি সেদিন সংসদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানান।