যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।  

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি জাবেদ জানান, গতরাতে আমার নানি পায়ে হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালক থানা-পুলিশের হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছে।