ডেমরার আগুনে ৩ জন দগ্ধ

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় খাবারের প্যাকেট তৈরির একটি কারখানায় আগুনের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সর্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই আগুন লাগার ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– শ্রমিক সুজন (২২), বাবু (২৪) ও ফায়ারম্যান নাঈম হোসাইন (২৮)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বীন রহমান বলেন, আমাদের এখানে দুজন এসেছেন। তার মধ্যে এক শ্রমিককে ভর্তি করা হয়। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ারম্যানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাবু নামে এক শ্রমিক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে নিয়ে আসা কারখানার আরেক শ্রমিক সোহেল জানান, কারখানায় কাজ করার সময়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এতে আমাদের দুজন শ্রমিক দগ্ধ হন। একজন সামান্য হলেও, আরেকজন গুরুতর। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার কর্মীর দগ্ধ হয়।