বাংলাদেশি আলোকচিত্রী এনামুল কবির আন্তর্জাতিকভাবে স্বীকৃত “অন দ্য ব্লক–সেকেন্ড এডিশন” প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছেন।
লুসি ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বজুড়ে আলোকচিত্রীদের তোলা মানুষের দৈনন্দিন জীবনের স্বতঃস্ফূর্ত ও অনির্ধারিত মুহূর্ত তুলে ধরা হয়।
এনামুল কবিরের তোলা “এ লিপ অব ট্রাস্ট” শিরোনামের পুরস্কারজয়ী আলোকচিত্রটিতে ট্রেন ছাড়ার মুহূর্তের একটি দৃশ্য ধরা পড়েছে, যেখানে একটি শিশুকে বগির জানালা দিয়ে নিচে থাকা কারও হাতে তুলে দেওয়া হচ্ছে। বিচারকরা ছবিটিকে আস্থা, ভঙ্গুরতা এবং জনসমাগমের মধ্যেও গড়ে ওঠা মানবিক সম্পর্কের শক্তিশালী প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন।
আন্তর্জাতিক বিচারক প্যানেলে ছিলেন গ্যালারি পরিচালক প্যারিস চং, আলোকচিত্রী ও একাডেমিক আর্তুরো সোতো এবং স্ট্রিট ফটোগ্রাফার ম্যাট স্টুয়ার্টসহ অন্যান্যরা।
গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে এনামুল কবির পাবেন ১ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার এবং তার ছবির একটি ফাইন আর্ট প্রিন্ট। এছাড়া তার কাজ নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশিত হবে এবং ফাউন্ডেশনের কিউরেটেড অনলাইন প্রদর্শনীতেও ছবিটি স্থান পাবে।
এই প্রতিযোগিতার বাছাই করা ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হাউস অব লুসিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।