রাজধানীর পূর্ব রামপুরায় বাসার নিচতলা থেকে বাসার মালিক গোলাম কিবরিয়া (৬৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) সকালে পাঁচ তলা বাসার নিচতলায় অচেতন অবস্থায় পরে থাকতে দেখে লোকজন ট্রিপল ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সংবাদ দেন।
পরে রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মো. শাহিন মিয়া তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, “কী কারণে কীভাবে তার মৃত্যু হয়েছে— সেই ব্যাপারে তার ভাই, স্বজনরা কেউ কিছুই বলতে পারেনি। তিনি একাকী থাকতেন। কিছুই করতেন না। তিনি অনেক আগে বিয়ে করেছিলেন, কোনও সন্তানাদি ছিল না। তার স্ত্রীও নেই।”
পুলিশের ওই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি ১৯০ পুর্ব রামপুরা মোল্লা বাড়িতে থাকতেন।