বাংলা ট্রিবিউন আমাদের আশার জায়গা জুগিয়েছে: মফিদুল হক

বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দেশ ও মানব ভজনায় নিষ্ঠার পরিচয় দিয়ে চলছে, সেটি আমাদের বড় পাওয়া। মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাংলা ট্রিবিউন তাই আমাদের আশার জায়গা জুগিয়েছে।’

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন।

মফিদুল হক শুভেচ্ছা বাণীতে বলেন, ‘বাংলা ট্রিবিউনের একযুগ-পূর্তি আমাদের সবার জন্য আনন্দবার্তা। নতুন গণমাধ্যম অনেক সম্ভাবনা বহন করে। আবার এই পথে অনেক ফাঁকফোকর খানাখন্দও‌ রয়েছে।’

শুভকামনা জানিয়ে  মুক্তিযুদ্ধ জাদুঘরের এই ট্রাস্টি আরও বলেন, ‘আধুনিক ও চিরন্তন, এমন প্রত্যাশা পূরণ করে বাংলা ট্রিবিউন-এর আগামীর যাত্রাপথ আনন্দগানে মুখরিত থাকুক, এই শুভকামনা রইলো।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।