রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাস আগে একই বাসায় গুলি ছোড়া হয়েছিল।
শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দুর্বৃত্তরা হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল।
তিনি আরও বলেন, থানা পুলিশের পাশাপাাশি গোয়েন্দা বিভাগও এ ঘটনায় কাজ করছে।
ওসি খালিদ মনসুর বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোনও দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।