কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় ৭টা ৩২ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন দমকলকর্মীরা।

এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া আগুনের কারণে আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

কালশীতে বস্তিতে আগুন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।

স্থানীয় এবং আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা বাড়ছে এবং সেটি আরও বিস্তৃত হয়েছে। এছাড়া আগুন নির্বাপণে পানি সংকটের দেখা দিয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেচ্ছাসেবী এবং স্থানীয়রাও যোগ দিয়েছেন আগুন নেভাতে।

আরও পড়ুন:  

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট