বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবনসহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (৭ জুন) থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে ওই এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। 

এদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। সাধারণত বাজেট অধিবেশন বেশ দীর্ঘ হয়। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এবারের সংসদ কত দিন চলবে, তা চূড়ান্ত করা হবে। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এবং বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা এই বিধিনিষেধের আওতায় পড়বে। 

এছাড়া পান্থপথের পূর্বদিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত কড়াকড়ি থাকবে। 

একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও এই বিধিনিষেধ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।