স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। রবিবার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
দরবারে পরিচালক, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সকাল ১০টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।
দরবারে মহাপরিচালক চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখতে সবাইকে নির্দেশনা দেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনও সদস্য যেন অনৈতিক কাজে জড়িত না হন সে জন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি এ সংক্রান্ত অধিদফতরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যদের জানার ওপর গুরুত্বারোপ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে তা বজায় রাখার জন্য মহাপরিচালক সবার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের জন্য সবাইকে নির্দেশনা দেন। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়, আইন বহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনও সদস্যের সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।
বক্তব্য শেষে মহাপরিচালক সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।