একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৯ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

কোন ব্যাংক এখন ঝুঁকিতে? আপনার সঞ্চয় কতটা নিরাপদ

ব্যাংকে জমা রাখা টাকা কি নিরাপদ? কোনো ব্যাংক নিয়ে বিতর্ক বা গুজব ছড়ালে আমানতকারীদের কী করা উচিত? সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর একটি, ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে নানা আলোচনা, বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় এসব প্রশ্ন আবারও সামনে এসেছে।

শূন্যরেখায় মানুষ ঠেলে দেওয়া কতটা বৈধ?

সীমান্তের শূন্যরেখায় মানুষকে জোর করে এনে রেখে দেওয়া বা একতরফা ‘পুশইন’ করার ঘটনা শুধু মানবিক সংকটই নয়, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আচরণের ক্ষেত্রেও গুরুতর প্রশ্ন তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, কোনও দেশের বিরুদ্ধে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ থাকার অভিযোগ থাকলেও তাদের ফেরত পাঠানোর জন্য নির্ধারিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া এড়িয়ে সীমান্তে মানুষ ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকার-নীতি এবং দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থি।

বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

দেশে বেকারত্ব কমানো ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য রয়েছে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা। পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ ও ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হচ্ছে।

‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি অংশের বিরুদ্ধে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। তার দাবি, কিছু শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে নয়, বরং অর্থনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই দেশটিতে অবস্থান করছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত

দীর্ঘ ৪৭ বছর পর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে লাইসেন্সপ্রাপ্ত আউটলেটের মাধ্যমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপ মদ্যপান নিষেধাজ্ঞা আইন ১৯৭৯ বাতিল করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭৯ সালের এই আইনের কারণে মূলত পুরো দ্বীপপুঞ্জটিই এতদিন মদমুক্ত ছিল, যেখানে কেবল কাভারাত্তি ও বাঙ্গারাম দ্বীপের সরকারি বার ও পর্যটন রিসোর্টগুলোর জন্য সীমিত ছাড় ছিল।

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চায় নরওয়ে

বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশ।  বাছাই পর্বে সব সময় বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের সমর্থকদের ফুটবল উন্মাদনা অন্যরকম। গত বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের সমর্থনে ভেসেছিল আর্জেন্টিনা। পুরো দেশ আচ্ছন্ন ছিল বিশ্বকাপে। এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে  এমন ফুটবল প্রিয় দেশের সমর্থন চাইছে আর্লিং হল্যান্ডের নরওয়ে।

সমুদ্রতীরে নতুন বাড়ি, বেবিবাম্পসহ প্রথমবার ক্যামেরার ফ্রেমে দীপিকা পাড়ুকোন

মুম্বাইয়ের আকাশে দুপুরের আলো তখন একটু নরম, সমুদ্রপাড়ের বাতাসে ভেসে আসছিল নির্মাণাধীন এক স্বপ্নের বাড়ির ধুলোমাখা গন্ধ। সেই বাড়িরই ব্যালকনিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন দীপিকা পাড়ুকোন।