ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত কার্যক্রম চালাতে চায়।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতরের প্রজ্ঞাপন অনুযায়ি আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সময় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগ পর্যন্ত শুধু রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকার আদ্-দ্বীনকে সুযোগ দেবে।
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে।
এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে চার জন রোগী ভর্তি রয়েছে।