ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ

নভোএয়ারের ঢাকা-কক্সবাজারগামী একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য যাত্রী ছিলেন। তবে নিরাপদে অবতরণ করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না (রিট্র্যাক্ট হচ্ছিল না)। পরে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

নভোএয়ার জানায়, যাত্রীদের কক্সবাজারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের পৃথক ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে পাঠানো হবে।

এদিকে এ ঘটনায় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ফ্লাইটের যাত্রী তানবিরুল মিরাজ রিপন ফেসবুকে লিখেছেন, ‘ঢাকার কাজ শেষ করে আমি আজ নভোএয়ারের সাড়ে ৬টার ফ্লাইটে কক্সবাজার ফিরছিলাম। ফ্লাইট ঠিক সময়ে উড়েছিল। প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যে জরুরিভাবে আমাদের ঢাকায় ফিরতে হয়েছে। কারণ, ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বাইরে রয়ে গিয়েছিল এবং সেটি কাজ করছিল না। সেই সঙ্গে বিকট শব্দ হচ্ছিল।’