পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (৪ জুলাই) বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ছয়টি ইউনিটের চেষ্টায় বিকালে সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।