এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা। সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া বলেন, ‘ঢাকা শহরসহ জামালপুর, কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল আজ পানিবন্দি। যারা এ অবস্থায়ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কি জানেন না কোথায় পানি ওঠে আর কোথায় ওঠে না? শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থার দিকে তাদের কোনও ভ্রুক্ষেপ নেই। এমন একটি জাতীয় দুর্যোগের মাঝে এইচএসসি পরীক্ষার মতো ইভেন্ট চলতে পারে না। অবিলম্বে সারা দেশে এই পরীক্ষা স্থগিত করতে হবে।’

তিনি বলেন, ‘বছরের পর বছর বন্যা হয়, আর সাধারণ শিক্ষার্থীদের ভলান্টিয়ারিং করে ত্রাণ সংগ্রহ করতে হয়। অথচ সরকারের একটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, তাদের কোনও কার্যকরী ভূমিকা আমরা দেখি না।’

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক উসাইন মারমা বলেন, ‘বন্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের বসতবাড়ি তলিয়ে গেছে, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। স্থির মানসিকতা নিয়ে পরীক্ষা দেওয়ার পরিবেশ এখন কোথায়? ঢাকা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম– সবখানেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও বিপর্যস্ত।’

​ত্রাণ বিতরণে রাষ্ট্রের অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র সংগঠন বা বিভিন্ন এনজিওর সামান্য ফান্ডিং দিয়ে এই বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়, এটি পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমরা দেখছি, ত্রাণ বিতরণেও স্বজনপ্রীতি হচ্ছে এবং সুষম বণ্টনের অভাব রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সাহায্য পাচ্ছেন না। আমরা মানবিকতা ও সমতার পক্ষে দাঁড়িয়ে দাবি জানাচ্ছি, সরকার ও মন্ত্রণালয় যেন এই দুর্যোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।’

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমান বলেন, ‘একটি জাতিকে অনগ্রসর করে রাখার জন্য তার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। যাদের নিজেদের সন্তানরা আমেরিকায় পড়াশোনা করে, এ দেশের সাধারণ শিক্ষার্থীদের কী অবস্থা তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখছি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। এইচএসসির মতো জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি শিক্ষার্থীরা এই বৈরী পরিবেশের কারণে খারাপ করে, তবে তাদের ভবিষ্যৎ কী হবে– এই ন্যূনতম বিবেচনাটুকুও আমাদের নীতিনির্ধারকদের নেই। তাদের যদি সামান্যতম কাণ্ডজ্ঞানও থাকতো, তবে এমন দুর্যোগের মধ্যে তারা কখনোই পরীক্ষা নিতো না।’

মানববন্ধনে বক্তারা অবিলম্বে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও বন্যাকবলিত অঞ্চলে সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণের দাবি জানান।