পুলিশ পরিচয়ে দিনেদুপুরে অপহরণ করে চার লাখ টাকা ছিনতাই

ছিনতাইপুলিশ পরিচয়ে পারভেজ রানা (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে মারধর করে আগারগাঁও এলাকায় ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের সামনে থেকে তিন-চারজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে পারভেজকে মাদক ব্যবসায়ী বলে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।পারভেজ ধানমণ্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির আইনের ছাত্র।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,‘মঙ্গলবার দুপুরে আমার বড় ভাই চার লাখ টাকার একটি চেক দিয়ে আমাকে প্রাইম ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পাঠান। টাকা তুলে বের হতেই একটি সাদা প্রাইভেটকার এসে থামে আমার সামনে। চারজন লোক এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। তারা বলতে থাকেন, আমার নামে ওয়ারেন্ট আছে। আমি ইয়াবা ব্যবসা করি। পরে আমার হাতে হাতকড়া পরিয়ে, চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। গাড়িতে ড্রাইভারসহ চারজন ছিলেন। তারা আগারগাঁও বাণিজ্য মেলার মাঠের পাশে আমাকে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়।পরে পথচারীদের সহযোগিতায় প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই। আত্মীয়-স্বজন এলে তারা আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’
রানার বড় ভাই উজ্জ্বল হাসান অডিট বিভাগের এলএমএস।। রানা তার সঙ্গে আজিমপুর পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে থাকেন। এই ঘটনায় তারা মামলা করবেন বলেও জানান।
ঢামেকের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঘটনাটি নিউমার্কেট থানায় জানানো হয়েছে।
এদিকে, রাত সাড়ে ৮ টার দিকে গুলশানের লিংক রোডে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

/এআরআর/ এমএসএম/