জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের মেয়ে আজালিয়া জয়ের জন্মের ঘটনায় খুশি হয়ে গরিব ও এতিম শিশুদের খাবার এবং নতুন কাপড় উপহার দিয়েছেন তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানি হওয়ার আনন্দে তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলাম বালিকা হোম ও আজিমপুরের ছোট্ট সোনামনি নিবাসের শিশুদের মাঝে এই খাবার ও নতুন কাপড় বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এই তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ দুটি প্রতিষ্ঠানে এসব উপহার সামগ্রী নিয়ে যান।
শাকিল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের কোলে আসা এই নবজাতকের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ৯ এপ্রিল এক টুইট বার্তায় তার মেয়ে আজালিয়া জয় পার্সির জন্মের খবর জানান। মঙ্গলবার টিউটিপের স্বামী ক্রিস পার্সি তাদের সদ্যজাত কন্যা সন্তানের ছবিটি টুইট করার পর টিউলিপ সেই ছবি রিটুইট করেন।
টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার পার্টির এমপি। সূত্র: বাসস।
আরও খবর পড়ুন-
/এফএস/