“আমাদের অনেকের আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, তাই এখানের কর্মসূচি আমরা আজকে শেষ করেছি। এখান থেকে আমাদের অনেকে সাইন্সল্যাবের দিকে গিয়েছে। সেখান থেকে হয়তো যে যার বাসার দিকে চলে যাবে। তবে আমাদের দাবি দাওয়া বহাল থাকবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষন না তারা (কর্তৃপক্ষ) আমাদের সঙ্গে কথা না বলছে।”
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষার রুটিন পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করা আন্দোলনরত শিক্ষার্থীদের একজন এ কে এম রিয়াজুল কুদ্দুস পলক এভাবেই আজকের কর্মসূচি শেষ করার ব্যাখ্যা দেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গিয়েছে আন্দোলনকারীরা। এর পরে সচিবালয় থেকে শিক্ষাভবনের উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টা ৫০ এর দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান। এরপরে ব্যারিকেড সরিয়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা চলে যাওয়ার সড়কের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে আজকে বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষাভবন মোড়ে আসেন। এই আন্দোলনকারীরা আসার আগেই পুলিশ এই মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে।