জুলাই আন্দোলনের পটভূমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০০৯ সাল থেকে টানা ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একদিনে ঘটে না। অনেক কিছু জমা হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। তেমনি জুলাই আন্দোলনের পটভূমিও তৈরি হয়েছে ২০০৯ সাল থেকে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৫ বছরের সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে। এ সময়ে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। একটি রাজনৈতিক দল প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে অনিয়ম, অন্যায় ও অবিচার করেছে। তাদের আচরণ ছিল হিংস্র।’
তিনি বলেন, ‘প্রায় ১৫ বছরের দুঃশাসনের পর ২০২৪ সালের জুলাই বিপ্লবে আবু সাঈদসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে, মুক্তি দিয়েছে। আমরা স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন করেছে। চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, কারাগারে হয়রানি করেছে। স্বৈরাচারী সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিয়েছে। সন্তানদের বিপ্লবে অংশ নিতে পাঠিয়েছে। তরুণ আবু সাঈদ দুই হাত তুলে বলেছে—গুলি কর।’
এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আহসানুল আজিজ, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, যুগ্মসচিব ড. মুস্তাফিজুর রহমান এবং কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহ।