ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আকস্মিক পরিদর্শনে হাতেনাতে ধরা পড়েছেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। শুক্রবার (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসক ওই এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। খবর বাসস।
মহাসড়কের পাশে বর্জ্য না ফেলার কঠোর নির্দেশনা থাকলেও তা অমান্য করায় ডিসি ঘটনাস্থলেই অভিযুক্তদের তীব্র ভর্ৎসনা করেন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে মহাসড়কের পাশে বর্জ্য ফেলা সম্পূর্ণ বন্ধ করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না। এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ, জনস্বাস্থ্য ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনদুর্ভোগ কমাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে অব্যবস্থাপনা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে ভোগান্তিতে থাকা আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়ককে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় বছরের পর বছর জমে থাকা বর্জ্য অপসারণ করে ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে।
এছাড়া রাস্তার দুই পাশে বালি-মাটি দিয়ে ভরাট করে স্লোপ নির্মাণ, নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ এবং বর্জ্য ফেলা বন্ধে উঁচু সুরক্ষা বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়ককে স্থায়ীভাবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।