রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
তিনি অভিযানের সময় অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।
আনিছুর রহমান বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে।’
তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।