২ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ ২ জন গ্রেফতার

রাজধানীর কদমতলী এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও  হাজেরা আক্তার ঋতু (৩০)। 

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত অর্থাৎ ২৭ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২ টায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃতদের থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করছে। উৎপাদিত জাল নোট তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার এবং শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মূলহোতা মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।