রবীন্দ্র সরোবরে ‘দ্য সাউন্ড অব জুলাই’ কনসার্ট অনুষ্ঠিত 

জুলাই আন্দোলনের প্রতিবাদী গান, কবিতা ও র‍্যাপ গান নিয়ে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের আয়োজনে এবং বিডিজবসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘দ্য সাউন্ড অব জুলাই।’ 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কনসার্টটি অনুষ্ঠিত হয়।

এতে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় হিপ-হপ শিল্পী সেজান, হান্নান, কাজী আহনাফ তাহমিদসহ জুলাই আন্দোলনে সুর ও র‌্যাপের মাধ্যমে অবদান রাখা শিল্পীবৃন্দ।

কনসার্ট প্রসঙ্গে শিল্পী সেজান বলেন, ‘দ্য সাউন্ড অব জুলাই’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি জুলাইয়ের আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগকে সুর, শব্দ ও কবিতার মাধ্যমে নতুন করে স্মরণ করার একটি প্রয়াস। আশা করি, আয়োজনটিতে শ্রোতার স্বতঃস্ফূর্ত সাড়া পাবো।

আয়োজকরা জানান, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই সময়ের সংগ্রাম ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য‌।

অনুষ্ঠানে আন্দোলনের বিভিন্ন অংশীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।