রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কনসার্ট ঘিরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দিয়েছে ডিএমপি। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এ নির্দেশনার বিষয়টি গণমাধ্যমে পাঠায় ডিএমপির মিডিয়া বিভাগ।
এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক)-এ একটি বৃহৎ সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করেছেন। ওই সাংস্কৃতিক কনসার্ট উপলক্ষে বিপুল সংখ্যক লোকের সমাগম হবে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল করানো সম্ভব হবে না। অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
রাস্তার তীব্র যানজট নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখ ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে।
বিকল্প সড়কসমূহ:
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
২. ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
৩. ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং, ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং-এর দিকে গমনাগমন করবে।
৪. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানাবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন সমূহ অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
যানবাহন চালকদের ৫ আগস্ট যানজট এড়ানোর লক্ষ্যে জাতীয় সংসদ ভবন চত্বর ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে।