ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়া ৯৮৫ জন বাংলাদেশির তালিকা সে দেশের সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৪ আগস্ট) দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। 

দূতাবাস জানায়, গত ৩ আগস্ট পর্যন্ত ই-মেইলের মাধ্যমে এই ৯৮৫ জনের তথ্য পাওয়া গেছে। 

দূতাবাস বলছে, ভিসা ক্যানসেল প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই অনেকেই ই-মেইল করে আমাদের সাহায্য চেয়েছেন। সে সব ই-মেইলের ভিত্তিতে প্রথম থেকেই আমরা একটা ডাটাবেজ তৈরি শুরু করি। একইসঙ্গে আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তালিকা পাঠাতে থাকি। গত ৩ আগস্ট পর্যন্ত মোট ৯৮৫ জনের তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। 

দূতাবাসের পক্ষ থেকে আরও জানান হয়, কূটনৈতিক নোটে তাদের ভিসা ক্যানসেল হওয়ার কারণ, পুনরায় এক্টিভেট করার উপায় এবং যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ব্যবসা/ব্যাংক অ্যাকাউন্ট/বা অন্য প্রপার্টি থাকলে সেগুলোর বিষয়ে আমিরাত সরকার কীভাবে সাহায্য করবে সেগুলো জানতে চেয়েছি। আমাদের তালিকা পাঠানোর কাজ এখনও চলছে।

দূতাবাস আরও জানায়, দূতাবাসে ই-মেইল পাঠানো মানেই ভিসা পুনরায় এক্টিভেট হওয়ার গ্যারান্টি নয়। ভিসা পুনরায় এক্টিভেট করার ক্ষমতা কেবল আমিরাত সরকারের। আমরা ডেটা তৈরি করে আমিরাত সরকারের বিবেচনার জন্য আবেদন করছি। 

প্রসঙ্গত, অনেক বাংলাদেশি নাগরিকের আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার অভিযোগ আছে। প্রাথমিক ধারনা অনুযায়ী, ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার গুঞ্জন শোনা গেলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সংখ্যা সঠিক নয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভিসা সমস্যা নিরসনে নির্দেশনা দেয়।