বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একইসঙ্গে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।
রবিবার (৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের চাহিদা রয়েছে। বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য দেশটিতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।
সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।