ভূমিকম্প মোকাবিলায় অংশীজনের অংশগ্রহণে ফায়ার সার্ভিসের সভা 

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকেভটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধির নিয়ে এই সভা আয়োজন করা হয়। ফায়ার সার্ভিসের ইওসি সেন্টার, মিরপুরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিকম্পের দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ কর্তৃক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। 

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, বড় ভূমিকম্পে ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার সব জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি জন্য নির্দেশনা প্রদান করেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিকল্পনা প্রণয়ণ ও প্রশিক্ষণের আয়োজনের বিষয়ে মতামত প্রদান করেন। 

এরপরে উন্মুক্ত আলোচনা শুরু হয়। উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত প্রদান করেন। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের পক্ষ থেকে এমন একটি আয়োজন করায় বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জাতীয় দুর্যোগে উদ্ধার অভিযানে সহযোগিতার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।  

হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি  মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করবেন বলে জানান। তিনি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাবনা প্রদান করেন। এছাড়া  গণপূর্ত অধিদিফতর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে’র,  এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।  

সবশেষ অনুষ্ঠানে সভাপতি ঢাকা বিভাগের উপপরিচালক  মো. ছালেহ উদ্দিন সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রানা প্লাজা ভবন ধস, সাম্প্রতিক সময়ের তুরস্ক ও মিয়ানমার ভূমিকম্পের ছবি প্রদর্শন করেন এবং সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অহ্বান জানান। হেভি ইকুইপমেন্ট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনপূর্বক সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিপূর্বক প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা, ফায়ার সার্ভিস ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান  ও জেলা কর্মকর্তারা।