চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা পরিষ্কারভাবে জানা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা এই আবেদন একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও পত্রিকা কী কারণে কী লিখেছে, তার ভিত্তিতে আমাদের মন্তব্য করা বা কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয়। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ নামে যে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করেছে, তারাও বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি। প্রতিবেদনে শুধু বলা হয়েছে, আদালতের অনুমতি লাগবে।’
আমিনুল ইসলাম আরও বলেন, ‘এখন প্রশ্ন হলো, কী ধরনের অনুমতির কথা বলা হচ্ছে? শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না, কিংবা তিনি ভারতে কী স্ট্যাটাসে অবস্থান করছেন- এ বিষয়ে আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানি না। অতএব, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ কোন অর্থে বা কী তথ্যের ভিত্তিতে এ কথা লিখেছে, সে বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’