একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১৭ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন। 

মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস

রাজধানীতে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হবে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। শুধু নারীরা এই বাসের যাত্রী হতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই বাস সার্ভিসের চালক এবং এবং কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।
 
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি। 

‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা

ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই দম্পতি বিয়ে না করেই ‘লিভ ইন’ সম্পর্কে রয়েছেন সন্দেহ করে বাসাটিতে হামলা করে বলে জানা যায়। এদিকে এ ঘটনার পর বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান।

রবিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত সিনেমায় কাজ করেন তিনি। তার অভিনীত শেষ সিনেমা ‘আম্মাজান’। এ সিনেমার জনপ্রিয়তার পর থেকে তিনি দর্শকের কাছে ‘আম্মাজান’ হিসেবেই পরিচিতি লাভ করেন।

ঢাকার সিনেমার বাইরে শবনম পাকিস্তানেও দারুণ জনপ্রিয় ছিলেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরের বছর উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি পান অভিনেত্রী। 

ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের ‘সাদা পতাকা’ তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। 

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার আশা

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, স্থবিরতা কাটানোর লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ১৩টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।