অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন সভা 

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডস’-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে একটি বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটির সঙ্গে ‘শিশুর প্রতি অনলাইনভিত্তিক যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।  

সভায় জেলা লিগ্যাল এইড কমিটি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় অনলাইন অধিকার এবং শিশু-যুবকদের সুরক্ষায় আইনি বিষয়গুলো সহজে ও দক্ষতার সঙ্গে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশনসমূহের (সিএসও) মাধ্যমে শিশু ও যুব সমাজের সদস্যদের সহায়তায় সুরক্ষা কাঠামোগুলোর সক্রিয়তা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের আইনি সহায়তাসহ অন্যান্য পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই ওরিয়েন্টেশনের আয়োজন।

ওই গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক (জেলা জজ) মুনতাসির আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুভাষ চন্দ্র সাহা, সিনিয়র জেল সুপার, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, মো. ফখর উদ্দিন ও প্যানেল ল’ইয়ার জেসমিন চৌধুরী । 

এছাড়া সভায় স্পিক আপ প্রকল্পের সিএসও প্রতিনিধি, শিশু ও যুব সদস্য এবং আইনজীবীরা সক্রিয়ভাবে অংশ নেন। 

সভায় আলোচকরা শিশুর প্রতি অনলাইন শোষণ ও নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপর বিশেষ জোর দেন। সেইসঙ্গে শিশু, নারী এবং স্থানীয় কমিউনিটির সদস্যদের সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারা বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর এই সময়োপযোগী কার্যক্রমকে স্বাগত জানিয়ে এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সভার উদ্দেশ্য এবং ‘স্পিক আপ’ প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও স্পিক আপ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।