নজরুলসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘জেমস অব নজরুল’ আয়োজিত ‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’ শীর্ষক প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে অংশ নেওয়া ৮৪ জন প্রতিযোগীর মধ্য থেকে ২৪ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিক বাছাইয়ে প্রতিযোগীদের প্রতিভা, কণ্ঠসৌকর্য, সুরের শুদ্ধতা, তাল-লয়, গায়কি এবং নজরুলসংগীতের ভাব ও অনুভূতি প্রকাশের দক্ষতা বিবেচনা করা হয়।
বাছাই কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করেন দেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পীরা।
তাদের মধ্যে ছিলেন নজরুলসংগীত শিল্পী ও ‘জেমস অব নজরুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক, ড. অসিত রায়, ইয়াসমিন মুশতারি, শেলু বড়ুয়া, শহীদ কবীর পলাশ, ড. প্রিয়াঙ্কা গোপ, মাহমুদুল হাসান, ড. পরিতোষ মণ্ডল ও বিজন চন্দ্র মিস্ত্রি।
আয়োজকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে নির্বাচিত ২৪ জনকে নিয়ে শিগগিরই অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ধারাবাহিক প্রশিক্ষণ, অনুশীলন ও মূল্যায়নের মাধ্যমে তাদের চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে।
আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্র্যান্ড ফিনালের স্থান ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত না হওয়া প্রতিযোগীদের প্রতিভা বিকাশের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে ‘জেমস অব নজরুল’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিয়ে ভবিষ্যতে প্রতি মাসে দেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পীদের অংশগ্রহণে বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে।
আয়োজকদের মতে, ‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’ শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; নতুন প্রজন্মের শিল্পীদের নিয়মিত চর্চা ও বিকাশের একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম হিসেবেও এটি কাজ করবে।
নজরুলের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণীকে নতুন প্রজন্মের কণ্ঠে ধারণ করে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’ আয়োজনে সহযোগিতা করছে অগ্রণী ব্যাংক পিএলসি।