জেদ্দা থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। পরবর্তীকালে ফ্লাইটটি ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর মৃতদেহটি ফ্লাইট থেকে রয়্যাল ওমান পুলিশের অনুমতি সাপেক্ষে নামানো হয়। 

বুধবার (২৬ আগস্ট) এই ঘটনা ঘটে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মাস্কাটে জরুরি অবতরণের পর ২ ঘণ্টা অপেক্ষা করে বাংলাদেশ সময় ১০টা ১৫ মিনিটে ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা ফ্লাইটটি ছাড়ার পর হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এরপর ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওমানের নিয়ম অনুযায়ী ফ্লাইটটি থেকে মৃতদেহটি নামাতে সে দেশের পুলিশের অনুমতির প্রয়োজন হয়। 

তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে সে আবেদনও করা হয়। অনুমতি পেতে কিছুক্ষণ সময় লাগে। পরে আমরা অনুমতি পাওয়ার পর মৃতদেহটি ওমান বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নামানো হয় এবং শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।”