কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে আন্তঃজেলা বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প ও পূর্বাচল এলাকা পরিদর্শন করেন। 

বুধবার (২ সে‌প্টেম্বর) ডিএম‌পির সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ‌্য জানা‌নো হয়।  

এর আগে গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ৪র্থ সভায় আন্তঃজেলা বাসের পাশাপাশি সিটি সার্ভিস, বাদামতলী-ফলপট্টি ও লালবাগ এলাকা থেকে পরিচালিত ৩০০টিরও বেশি ট্রান্সপোর্ট সার্ভিস এবং আধুনিক যানবাহন মেরামত ওয়ার্কশপ স্থাপনের বিষয়টি উপস্থাপিত হয়। 

সভায় দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জে একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে কেরানীগঞ্জস্থ র‍্যাব-১০ কার্যালয়ের পাশে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৭৫ একর ভরাট জমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ডিএম‌পি বল‌ছে, স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ না হওয়া পর্যন্ত কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল প্রকল্প এলাকা থেকে সংশ্লিষ্ট যানবাহনগু‌লো অস্থায়ীভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে রাজউক কর্তৃপক্ষ। 

পরিদর্শনকালে রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান সুমন, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ নূর এ খোদা, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝিলমিল আবাসিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো.হাফিজুল ইসলাম, সহকারী স্থপতি মোহাম্মদ শামসুজ্জামান মারুফ এবং সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।