রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কোস্ট ফাউন্ডেশন, ইক্যুইটি বিডি ও বিডি-সিএসও নেটওয়ার্ক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠন তিনটির পক্ষ থেকে এ ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ৫০ বছর ধরে দরিদ্র মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে রাড্ডা। বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেন্টার থেকে বছরে প্রায় পাঁচ লাখ মা ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ফলে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা শুধু সম্পদ ও অবকাঠামোর ক্ষতি নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার ও জননিরাপত্তার ওপরও গুরুতর আঘাত।
বিশেষ করে ওষুধ ও ভ্যাকসিন ধ্বংসের ঘটনায় জনস্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে।
সংগঠনগুলো হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও স্থাপনা ধ্বংসের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে লুট হওয়া সম্পদ উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম দ্রুত পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান, তাদের কর্মী, সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্বাস্থ্য ও মানবিক সেবাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছে সংগঠনগুলো।