মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী ও সেবাগ্রহীতার নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ‘মেন্টাল হেলথ সেফটি অ্যান্ড রাইটস ফোরাম’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। ফোরামের প্রথম আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপদ পরিবেশ, পেশাগত নৈতিকতা, মানবিক মর্যাদা, জবাবদিহিতা ও অধিকার সুরক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবে ফোরামটি। সেবা প্রদানকারী পেশাজীবীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন কর্মপরিবেশের পাশাপাশি সেবাগ্রহীতাদের গোপনীয়তা, মর্যাদা, অবহিত সম্মতি এবং নিরাপদ ও মানসম্মত চিকিৎসার অধিকার নিশ্চিত করাও ফোরামের লক্ষ্য।
ফোরামটি মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের ভয়, হয়রানি, বৈষম্য ও অযাচিত চাপমুক্ত কর্মপরিবেশ তৈরিতে সচেতনতা ও নীতিগত উদ্যোগ নেবে। একই সঙ্গে পেশাজীবীদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও জবাবদিহিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সেবাগ্রহীতাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যক্তিগত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা, ব্যক্তিগত মর্যাদা, অবহিত সম্মতি, নিরাপদ চিকিৎসা ও যথাযথ পেশাগত আচরণ নিশ্চিত করার বিষয়েও কাজ করবে ফোরাম।
মানসিক স্বাস্থ্যসেবা খাতে হয়রানি, বৈষম্য, অনিয়ম, পেশাগত অসদাচরণ বা অধিকার লঙ্ঘনের অভিযোগ আলোচনার জন্য একটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। কোনো অভিযোগ বা বিরোধের ক্ষেত্রে গুজব, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফা প্রচারের পরিবর্তে তথ্য, প্রমাণ, ন্যায়সংগত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ফোরাম।
এ ছাড়া আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, মতবিনিময়, পেশাগত আলোচনা ও প্রশিক্ষণমূলক উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও কর্তৃপক্ষের কাছে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে নীতিগত সুপারিশও দেওয়া হবে।
ফোরামের প্রথম আহ্বায়ক কমিটি তিন মাস সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ে সদস্য সংগ্রহ, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নীতিমালা ও কার্যক্রমের কাঠামো প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি তৈরির কাজ হবে। তিন মাস শেষে ফোরামের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
প্রথম আহ্বায়ক কমিটিতে রয়েছেন আফিয়া জামান, উজ্জল বালা, এস এম শহিদুল ইসলাম হৃদয়, জামিউল ইসলাম, তেরেসা ডায়না গোমেজ, নুসরাত জাহান আঁখি, ফারিয়া ফারিন ত্রিনা, মেহেদি হাসান অপু, মোঃ আবিদ হোসেন, রুদাইনা তাসকিন শীলান, লিমা রংমা, শাকিলা সুলতানা স্বাতী, শারমিন ইসলাম, শাওনা, শামস মোহাম্মদ ইমন, সাঈকা সাঈদ, সাগর বড়ুয়া ও হুরাইয়া কবির হ্যাপি।