সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) রাতে আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল এ ধরনের অসত্য তথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে আইএসপিআর জানায়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত যেকোনও দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কিত যেকোনও তথ্যের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করতে হবে।