বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারান জার্মান পর্যটক ১৮ বছর বয়সী ক্রিল ল্যান্ডার। গত ৭ অক্টোবর নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদ নামের একজন বাংলাদেশি নাগরিকের। পরে জার্মান পর্যটক ক্রিলকে ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। এর মাধ্যমে জার্মান পর্যটকের কষ্ট কিছুটা হলেও লাঘব করলেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ।
মুক্তি মাহমুদ গণমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে তার কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে মর্মাহত হন।
মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।’
তিন জানান, ভিডিওটি দেখার পর ক্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একপর্যায়ে শাওন নামের একজনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেন।
মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’
রাজধানীর জিগাতলা এলাকায় বাসিন্দা মুক্তি মাহমুদ দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। বর্তমানে আনজুমান ডিজাইনারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
এদিকে নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, ‘জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক।’
ওসি বলেন, ‘ক্রিলের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের চেষ্টা চলছে। একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।’
অপরদিকে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকালে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি নেই, তার কাছে দেওয়া ব্যাগও নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কেউ নন।
এরপর ক্রিল ল্যান্ডার নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় ওইদিন দিবাগত রাতে রাজশাহীতে যান। সেখানে পুলিশ তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন বিকালে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন ক্রিল।